প্রিন্ট এর তারিখ : ০৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত
প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক ||
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি সুখোই–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই কর্মকর্তা হলেন— স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয়ে যায়।কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে উড্ডয়নস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাজ্যের কারবি আংলং জেলায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যায়িত করে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি বলেন, “তাদের সাহস এবং দেশের প্রতি সেবা জাতি সবসময় গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। এই শোকের মুহূর্তে পুরো জাতি নিহতদের পরিবারের পাশে রয়েছে।”উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জুনে মহারাষ্ট্রের নাসিকে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। তার আগের বছর জানুয়ারিতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি সুখোই-৩০ জেট বিধ্বস্তের ঘটনা ঘটেছিল।সুখোই-৩০ এমকেআই মূলত রাশিয়ার নকশা করা দুই আসনের বহুমুখী যুদ্ধবিমান, যা বর্তমানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে ভারতে তৈরি হচ্ছে। বর্তমানে ভারতের বিমানবাহিনীতে এ ধরনের ২৬০টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম