প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
রাঙ্গুনিয়ায় গ্রাহকদের ২৪ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট বিকাশ কর্মী, মা গ্রেপ্তার
এম. মতিন,(রাঙ্গুনিয়া) চট্টগ্রাম ||
রাঙ্গুনিয়ায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করে মো. শাহজাহান (২৪) নামে এক বিক্রয় প্রতিনিধি (ডিএসও) পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মার্চ ২০২৬ তারিখে মরিয়মনগর ইউনিয়নের মরিয়মনগর চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জেসমিন আক্তার (৪৪) নামে তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোহাম্মদ সালাউদ্দীন মাহমুদ (৪০) রাঙ্গুনিয়ার 'আটলান্টিক ডিস্ট্রিবিউশন রাঙ্গুনিয়া' নামক বিকাশ ডিলার অফিসের অ্যাকাউন্টস ইনচার্জ হিসেবে কর্মরত। অভিযুক্ত মো. শাহজাহান উক্ত প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি আনোয়ারার ১নং বৈরাগ ইউনিয়নের শাহ্-খাঁন বাড়ির মৃত মো. নূরের ছেলে।ঘটনার দিন অর্থাৎ ২৬ মার্চ সকালে শাহজাহান অফিস থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে বিভিন্ন এজেন্ট পয়েন্টে বিলি করতে বের হন। পরবর্তীতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তিনি বিভিন্ন এজেন্টের কাছ থেকে বিকাশ ওয়ালেটের (B2B Transfer) মাধ্যমে আরও ২২ লক্ষ টাকা সংগ্রহ করেন। সব মিলিয়ে মোট ২৪ লক্ষ ৪০ হাজার টাকা তার কাছে জমা হয়।নিয়ম অনুযায়ী দিনের কাজ শেষে অফিস চলাকালীন টাকা জমা দেওয়ার কথা থাকলেও শাহজাহান আর অফিসে ফিরে আসেননি। রাত ৯টা পার হয়ে গেলেও তিনি না আসায় তার দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফোনগুলো বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।এজাহারে উল্লেখ করা হয়েছে যে, শাহজাহান বিভিন্ন নামী দোকান ও এজেন্ট থেকে টাকা সংগ্রহ করেছিলেন, যার মধ্যে রয়েছে: রাহতিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি: ৪,৫০,০০০ টাকা, ইকবাল স্টোর: ২,৯০,০০০ টাকা, সালমান এন্টারপ্রাইজ: ২,৫০,০০০ টাকা, নলেজ হাউস লাইব্রেরি: ২,৩০,০০০ টাকা, আর এম ইলেকট্রনিক্স ও মফিজ স্টোর প্রত্যেকে ২,০০,০০০ টাকা করে, মমতাজ ট্রেডার্স: ১,০০,০০০ টাকা।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহজাহান পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার জমা দেওয়া হয়েছে।রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম