প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
পড়াশোনার অনুকূল পরিবেশই শিশুর ভবিষ্যৎ গড়ে দেয়: সাঈদ আল নোমান
নিজস্ব প্রতিবেদক: ||
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, প্রত্যেক শিশুই সমানভাবে জন্মগ্রহণ করে। তবে তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সমাজ ও পরিবারের। সন্তান যত সুন্দর পরিবেশে পড়াশোনা করবে এবং বেড়ে উঠবে, ততই তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।সোমবার (১ জুন) নগরীর হালিশহরের জেপি কনভেনশন হলে ডিসঅ্যাডভান্টেজড পিপলস অ্যাসোসিয়েশন (ডাপা) আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাঈদ আল নোমান বলেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বাবাদেরও মায়ের ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র মায়েরা সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন। পরিবার গঠনে বাবারও সমান দায়িত্ব রয়েছে। এজন্য শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা জরুরি।সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে সহায়তার লক্ষ্যে ডাপা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।সংস্থার সভাপতি কাজী মো. শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এসকে খোদা তোতন, চবি ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, নগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া এবং মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুর রহমান মিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ (টিএলএমআই-নিউজিল্যান্ড)-এর সহযোগিতায় এবং ‘স্থিতিস্থাপক ডাপা’র জন্য সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরীর ২৮০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীর পাশাপাশি ৩০০ টাকা এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীর সঙ্গে ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাপার এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য সহায়ক হবে।সভাপতির বক্তব্যে কাজী মো. শাহ কামাল বলেন, ডাপা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেন, এ সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ জোগাবে এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। তারা ডাপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নিগার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, ম্যানেজার মো. আবুল কালাম ভূঁইয়া এবং এডমিন অফিসার রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে ডাপার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম