প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
জলাবদ্ধতা নিরসন প্রকল্প শেষ করাই বড় চ্যালেঞ্জ: সিডিএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: ||
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, নগরের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত সম্পন্ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিসেম্বরের আগেই জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে কাজ করা হবে।বুধবার সকালে সিডিএ’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।সভায় চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বন্দরনগরীকে আরও আধুনিক, পরিকল্পিত ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ জন্য সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হবে।তিনি বলেন, নগরের উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা দূর করে প্রকল্প বাস্তবায়নে গতি আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শও গ্রহণ করা হবে।দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, সরকারি জমি, খাল কিংবা নালা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বরদাশত করা হবে না। অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সে যে-ই হোক না কেন।তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে গণমাধ্যমকে সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে সংস্থার কার্যক্রম সম্পর্কে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়।নগরের সৌন্দর্য ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন চেয়ারম্যান। তিনি বলেন, নকশাবহির্ভূত নির্মাণ একটি এলাকার সামগ্রিক সৌন্দর্য ও পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করে।সভায় সিডিএর সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে দায়িত্ব গ্রহণের দিন সকালে প্রকৌশলী বেলায়েত হোসেন শাহ সুফি হযরত আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম