প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
দাঁতমারায় ভাইয়ের বিরুদ্ধে দেয়াল দিয়ে রাস্তা বন্ধ ও ঘর দখলের অভিযোগ
ফটিকছড়ি প্রতিনিধি: ||
ফটিকছড়ী উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুখালী এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া, ঘর দখল এবং বাড়িতে যেতে না দেওয়াসহ নানা হুমকির অভিযোগ উঠেছে ছোট ভাই সেলিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই জসিম উদ্দিনের স্ত্রীর পক্ষ থেকে ভুজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের সদস্য জসিম উদ্দিনের পরিবারের সঙ্গে তার ছোট ভাই সেলিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই বিরোধের জেরে জসিম উদ্দিনের ঘরে চলাচলের পথের ওপর দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।পুলিশ সদস্য জসিম উদ্দিন বলেন, আমার ঘরের চলাচলের জায়গা দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। আমি যেহেতু পুলিশের চাকরি করি, বাড়িতে থাকি না। আমার অনুপস্থিতির সুযোগে আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। এমনকি আমাদেরকে বাড়িতে যেতেও দিচ্ছে না। বাড়িতে গেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা করেছেন এবং ঘরের বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতিও করেছেন। এসব ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন সেলিম উদ্দিন। তিনি বলেন, আমি তাকে হুমকি দিইনি। এসব পারিবারিক জায়গা-জমির ঝামেলা। আমার ভাই পুলিশ, সব ভাগ করেছে। আমি সে যেভাবে দিয়েছে সেভাবেই মেনেছি। এরপর যদি সে উল্টে যায়, আমার কিছু করার নেই। এলাকার মানুষ সাক্ষী আছে।হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাড়ি-ঘরে কেন যেতে পারবে না? আমার বাবার ছেলে, সেও আমার ভাই। সে কেন যেতে পারবে না? আমি কোনো বাধা দিইনি।তবে বাড়িতে গিয়ে তার বিস্তারিত বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে সেখান থেকে চলে যান।ভুজপুর থানায় করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন বলেন, অভিযুক্ত সেলিমকে থানায় ডাকা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তার ভাই যদি আদালতে মামলা করলে তিনি তা মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম